ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন ৩২৩-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ আসনে বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২৬ অক্টোবর। আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়।এরপর ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।